Sunday, January 7, 2007

নক্ষত্র কাহিনি

আমার কাছে জানতে চেয়োনা
চুরি করেছিলাম কিনা কোনো নক্ষত্র
সেই নক্ষত্র বিক্রি করেছিলাম কিনা কোন সৌরবাজারে
যেখানে সোনালী চুলের সুন্দরীরা আসে
ছড়ি হাতে কালো চশমার অন্ধ জুয়াড়ীরা আসে

জানতে চেয়োনা সেই নক্ষত্র পাহারায় রাত জাগি কিনা
কাঁদি কিনা সেই নক্ষত্রের আলোয়

জানতে চেয়োনা আমি প্রদক্ষিন করি কিনা তার কক্ষপথ
জানতে চেয়োনা সেই নক্ষত্রের গতি পথে
ইতিহাসের পাতা থেকে উঠে আসে কিনা মহাজাগতিক যোদ্ধারা
কফিন খুলে বেরিয়ে আসে কিনা এলোচুলের শাদা রাজকুমারীরা
যারা নিহত হয়েছিল গ্রীসে,রোমে,কায়রোয় কিংবা দিল্লীতে-

আমি চুরি যাওয়া সেই নক্ষত্র সম্পর্কে ততটুকুই জানি
একটি কবর সম্পর্কে যতটুকু জানে একটি মরদেহ।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment