Sunday, October 24, 2010

Wednesday, December 16, 2009

দেশীয় সাহিত্য বিকাশের অন্তরায় সমূহের বিচার

সাহিত্য এমন এক কাণ্ড যার কোনো সীমানা নাই। বলা ভাল সীমানা মানে না। কারণ সাহিত্য হচ্ছে সবচে মৌলিক প্রার্থনা। কোথাকার এক হোমার তাঁর প্রভাব আজও বিদ্যমান। ওমর খৈয়ম, হফিজ, কিটস, ইএটস, এলিয়ট, কভাফির কবিতার প্রভাব আজও দেখা যায় রবীন্দ্রনাথে, জীবনানন্দে। কারণ সাহিত্যের ব্যাপ্তি জগতের সকল বস্তুর ভেতর বিদ্যমান। ভাবের হাত ধরে ভাব ছড়িয়ে পড়ে নিরন্তর অভাবের সীমানাহীনতায়।
কিন্তু যখন কালের বর্জ্যস্রোতে ভেসে যায় মানুষ, পুরোদেশ যখন ডুবে যেতে থাকে ডুবন্ত কোনো জাহাজের মত তখন স্রোতের ভেতর ডুবে যাওয়াই যেন এদেশের সাহিত্যিকদেরও নিয়তি। তেমনি নিয়তিকেই বরণ করে নিয়েছে এ দেশীয় সাহিত্যিক সম্প্রদায়। এদেশের প্রত্যেক সাহিত্য সেবিরাই এখন সাহিত্যের শত্রু। তারা সকলে নিরন্তর কাজ করে যাচ্ছে কীভাবে বাংলাদেশী সাহিত্যকে সংকীর্ণ থেকে আরো সংকীর্ণ, স্থূল থেকে আরো স্থূলত্বের দিকে নিয়ে যাওয়া যায়। এ অবস্থার জন্য শুধু লেখককুলের ওপর দোষারোপ করলে একচোখে দেখা হবে। আরো দায়ী ভাগ পরবর্তী যোগ-বিয়োগ।
এ ব্যাপার নিয়ে কোনো তর্কই হতে পারে না যে বাংলাদেশীরা পঁয়ত্রিশ বছরের এক মেরুদন্ডহীন জাতি। ব্রিটিশরা চলে যাবার পর এই জাতির ভেতর এমন একজন মানুষও জন্মাননি যাকে ঐতিহাসিক অনুকরণীয় চরিত্র বলা যেতে পারে। তাদের বড়জোর গ্যাংস্টার ও বিদেশীদের এজেন্ট বলা যায়। এরা সাহিত্য, ইতিহাস, ধর্ম সবকিছুকেই বিকৃত করেছে। এদের কোনো সংস্কৃতি ছিল না। এখনো নাই। তলাকার কালো রাজনীতির প্রভাব পড়েছে সবখানে দুরারোগ্য রোগের উপসর্গ হয়ে। সবখানে একটা অদৃশ্য ক্ষুদ্র স্বার্থপরতার জাল টানা আছে। এদেশের সাহিত্যে ভারতের পশ্চিমবঙ্গের মত কোনো ছোট কাগজের আন্দোলন গড়ে ওঠেনি। যে কারণে তারা প্রতিষ্ঠিত ধনী প্রকাশনাগুলোকে তোয়াক্কা না করে নিজেদের মত স্বাধীন কাজ করে যেতে পারছে। ষাটের দশকের সাহিত্য পত্রিকা কন্ঠস্বর সম্পর্কে পত্রিকাটির সম্পাদক আব্দুল্লাহ আবু সায়ীদ গর্ব করে বলেন তিনি এদেশের সাহিত্যে নতুন একটি যুগের নেতৃত্ব দিয়েছেন। ষাটের এই পত্রিকাটিতে যারা লিখত তারা সবাই আজ তারকা। এ কথাটি সত্য কন্ঠস্বরে যারাই লিখত সবাই আজ তারকা, কেউ লেখক হননি। সকলেই প্রায় মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রেম নিবেদন করার বাণী লেখা অনেক সহজ করে দিয়েছেন। এদের উপর মূলত প্রভাব পড়েছিল কলকাতার পঞ্চাশের লেখক গোষ্ঠীর। তাদের ওপর ছিল আমেরিকান বিট জেনারেশনের। পঞ্চাশের দশকে কলকাতায় বিট গোষ্ঠীর হোতা গীন্সবার্গ এলে তাদের অপ্রাতিষ্ঠানিক ধারাটার প্রভাব পড়ে পঞ্চাশের লেখকদের ওপর। গীন্সবার্গকে যথাযতভাবে গ্রহণ করতে পারলে না হয় কথা ছিল। সাহিত্যে এবং চালচলনে গীন্সবার্গের প্রধান বৈশিষ্ঠ্য ছিল মার্কিন সাম্রাজ্যবাদকে চুড়ান্ত নাজেহাল করা। ধনতন্ত্রের পালিশ করা আত্মাহীন মার্কিন মুলুকের অহংকারী অন্তসারশূন্যতাকে খুলে দেখানোই ছিল তাদের লক্ষ্য। তারা ছিল ভোগের বস্তিতে নিঃশ্বাস নিতে না পারা প্রজন্ম। কিন্তু কলকাতার সংকটসংকুল নিম্নমধ্যবিত্ত কবিরা সুনীল গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিট জেনারেশনকে অনুকরণ করতে গিয়ে নিজেদেরকে লক্ষ্যহীন স্থুলতায় নিক্ষেপ করলো। বেশ্যাদের তিরিশেই গ্রহণ করেছিল আধুনিকেরা। পঞ্চাশীরা যে কোনো বয়সের যে কোনো নারীকে এমনকি মা মেয়েকেও একসাথে ভোগ করবার স্বপ্ন দেখতে থাকে সারাদিন। এবং এই গোষ্ঠীটি এতবেশি প্রচার পেয়েছিল যে পরবর্তী একযুগ এরা রাজত্ব করল শতশত রিম কাগজে। পুরো একযুগ মহান সাহিত্যের ধারেকাছেও যেতে পারলনা পাঠক। ঠিক এই গোষ্ঠীটির প্রভাব পড়েছিল এই কন্ঠস্বর পত্রিকায়। সেটা কন্ঠস্বর পত্রিকার প্রথম সংখ্যার ইশতেহারটা পড়লে বুঝা যায়। এরা লিটল ম্যাগাজিন করবার ধারাটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে যায়।
এরপর থেকে এদেশে লিটল ম্যাগাজিন করে আত্মহারা, স্বমেহী লোকজন। তারা ছোট কাগজ করে দৈনিক পত্রিকার সাহিত্য পাতার সাংবাদিকদের অপাঠ্য না-কবিতা ছাপানোর জন্য। ঘনিষ্ঠতার সূত্রে যেন তার একটা কবিতা ঐসব পত্রিকার রঙ্গিণ বিজ্ঞাপনের পাশে ছাপানো হয়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে কজনের টাকায় ওই ছোট কাগজ ছাপা হয় তাদের নিজেদের তোয়াজ তোষণে ভরা। এসব গ্রাম্য মানসিকতার অ্যামিবা লেখকেরা এত অল্পে তুষ্ট যে তারা মনে করে যেখানে কালোবাজারী কালোচশমাধারী পেশাদার খুনী ও উচ্চবিলাসী সিনেমা নাটুকে বেশ্যাদের ছবি ছাপা হয়, তার পাশে তার একটা লেখা ছাপানো মানে জীবন ধন্য হয়ে গেল। আর বর্তমানে বাংলাদেশে যেসব মহাপণ্ডিতেরা সাহিত্য পাতাগুলোতে সাংবাদিকতা করে তাদের নামে কিছু লেখা সাহিত্যপরিপন্থী কাজ হবে। এদের সাহিত্যের প্রতি কোনো কমিটমেন্ট নাই, দরকারও নাই তাদের। কারণ তাদের ছলনা সম্পর্কে তারা জ্ঞাত।
এক পত্রিকার এরকমই এক প্রাণীকে একবার বলতে শুনেছিলাম। রিলকের ‘সরলা ইরিন্দিরা’ (Innocent Eréndira) বইটা নাকি তার ভাল লেগেছিল। তাকে আর বইটার লেখকের নাম বলা হয়নি। আরেকজনকে দেখেছিলাম ভাগযোগ করে নবাগত এক কবিকে বোঝাচ্ছেন কবিতা হচ্ছে আসলে চার মাত্রার খেলা। প্রাণীগুলো আবার নিজেদের মনে করে এজরা পাউন্ড, এলিয়ট, বুদ্ধদেব, সুধীন ইত্যাদির মত সম্পাদক। কয় অক্ষরে অরবৃত্ত হয় এটাই হচ্ছে এদের কবিতা মাপার মাপকাঠি। গল্পকে তারা মনে করে মানিক, তারাশংকরের মত কিনা যেন পৃথিবীতে আর কোনো ইতালো কালভিনো, বোর্হেস, পিটার বিকসেল, রমানাথ রায় গল্প লিখেন নি। প্রত্যহ একটা দৈনিকের সাহিত্য পাতায় যা ছাপা হয় তার বৃহদাংশজুড়ে থাকে কপট সাহিত্য সম্পাদকের আত্মীয়-স্বজন,ভাই-বেরাদর, শ্যালক, তাদের নিয়মিত হাজিরা দেনাঅলা পা’চাটা সরীসৃপদের।
দৈনিক পত্রিকা হচ্ছে দৈনিক পত্রিকা। সারাদিনের খুন ধর্ষণ ও যাবতীয় পণ্যের বিজ্ঞাপনে ভরা। সে সাহিত্যের কাছে দায়বদ্ধ নয়। ব্যবসাই তার লক্ষ্য। যেটা এদেশের প্রথম শ্রেণীর পত্রিকাগুলোর অন্যান্য ব্যবসাবাণিজ্য প্রসারের তোড়জোড় দেখলে বুঝা যায়। কিংবা সুক্ষমাথার দূর্ণীতিবাজ ব্যবসায়ীরা নিজেদের কালোটাকা সাদা করবার জন্য এই সব পত্রিকা করেছ। যেনতেনভাবে পৃষ্ঠা ভরানোই হচ্ছে তার কাজ। দেশের সাহিত্যের মেরুদণ্ড কীরকম নড়বড়ে হলে, কী রকম প্রতিশ্রুতিশীলতার অভাব হলে একটা দেশের সকল লেখকরাই এই দৈনিকের পাতাগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এ এক বিরাট প্রশ্ন।
পুঁজির ক্ষমতা আছে সে মুহ’র্তেই প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যেতে পারে। তাই এই স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, মূর্খামির জঘন্য প্রভাব পড়ে মফস্বলে। যেখানে ভাল বই পৌছেনা। আর এসব সাহিত্য পাতায় লেখাটেকা দেখে লোকজন ভাবে যে এগুলোই বুঝি সাহিত্য। এবং নামগুলোর দিকে তাকিয়ে তারা ভাবে এরাই বুঝি সাহিত্যিক। ঢাকায় যাদের লেখা ছাপা হয় তারা ছাড়া এসব লেখা অন্য কেউ দেখে কিনা সন্দেহ প্রকাশ করি।
পাকিস্তান আমল হতে এদেশে এমন পনেরটা বইও ছাপা হয় নাই যেগুলো পড়ে শেলফে সংরক্ষণ করা যায় পরবর্তীতে পড়ার জন্য । একাত্তর পরবর্তী এদেশে যারাই ক্ষমতা পেয়েছে গণগ্রন্থাগার গুলোকে ব্যবহার করেছে অশিতি আমলা ও প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী পদবাচ্যের আত্মীয়-স্বজনদের অপাঠ্য হজ্বে যাবার স্মৃতি, জিয়ার দর্শন, বঙ্গবন্ধুর স্বপ্ন জাতীয় আবর্জনা রাখবার ডাষ্টবিন হিসাবে। আর এসব বই সরকারী টাকায় ছাপানো সরকারী টাকায় কেনা।
কবিতার অবস্থা সত্যিকার অর্থে বলতে গেলে কবিতাহীন দানোয় পাওয়া এক ঘোরের ভেতর তাদের বাস। তাদের কবিতার ভেতর কবিতা ছাড়া সব আছে। আর যে গল্পগুলো এখন এখানে ছাপা হচ্ছে তাদের ফর্ম হচ্ছে মান্ধাত্বার মায়ের আমলের। তাদের অভিজ্ঞতা একটা কুনোব্যাঙের চাইতেও কম। তবু হরদম মেলা আসলে অন্ধ দানবের মত রিমরিম কাগজে এসব … ছেপে বেচঁতে আসে বটতলার বাজারে। দৈনিক পত্রিকাগুলো সের দরে তারকা বানায় ও বেঁচে। এটা তাদের একধরনের পত্রিকা কাটতি ব্যবসায়। আর এসব প্রাণীগুলো তারকা হবার আশায় সবকিছু জলাঞ্জলি দিতে পারে মায় আত্মা পর্যন্ত। আদর্শহীনতাই এখানে আদর্শে পরিণত হয়েছে।
আদর্শ বলতে এখানে কোনো দার্শনিক বা ধর্মীয় চিন্তাধারাকে বুঝানো হচ্ছে না। সাহিত্যের একটা নিজস্ব আদর্শবোধ আছে। যা জগতের তাবত মতবাদের ঊর্ধ্বে ও তাবত মতবাদের চাইতে সত্য। কারণ সত্য উচ্চারণ ছাড়া সাহিত্যের আর কোনো কাজ নাই। সাহিত্যের আদর্শ জগতের শ্রেয় আদর্শ। একজন সৎ সাহিত্যিক ত্রিকালদর্শী। যে কারণে লু স্যুন ডাক্তারী ছেড়ে লিখতে আসে। যে কোনো ধর্মপ্রণেতার চাইতেও তিনি মহৎ।
এ বড় আজব দেশ। গ্রামদেশ থেকে কবিতা লিখতে আসা একটা শাদা ছেলে চক্রে পড়ে পরিণত হয় হাস্যকর ভাঁড়ে অথবা আত্মাহীন বেশ্যার দালালে। এসব হতে চেয়েছিলাম লেখকদের সবসময় দেখা মিলবে দৈনিক পত্রিকাগুলোর সাহিত্যপাতার সাংবাদিকদের পশ্চাতে।
কিছুদিন শামসুর রাহমান ও আল মাহমুদকে তারকা বানিয়ে খুব বিক্রি করেছে দৈনিক পত্রিকাগুলো। সন্দেহ নাই একসময় ভাল কয়েকটা কবিতা লেখার চেষ্টা করেছিলেন শামসুর রাহমান। কিন্তু শেষের দিকে শামসুর রাহমানের ভিমরতি হয়েছিল। বাজারের ফর্দ, ঔষধের স্লিপ থেকে শুরু করে যা-তা কবিতার নামে চালিয়ে অচিরেই একটা নিকৃষ্ট ভাঁড় ও বিরক্তিকর চরিত্রে পরিণত করেন নিজেকে। তাঁর শত্রুরা আর তোশামোদ কারীরা হয়তো তাঁকে এসব পরামর্শ দিয়ে থাকবে। এই শামসুর রাহমান মরার পরও ভূতের মত প্রত্যহ উদয় হয় এইসব আবর্জনাময় দৈনিকের সাহিত্যপাতায়। এদের অধিকাংশই শামসুরের দ্বারা পত্রিকায় সাংবাদিকতা প্রাপ্ত। সাহিত্যপাতার এসব কেঁচো সম্প্রদায় বাস করে গর্তে। শামসুর রাহমান খুব রুচিহীন ট্রাডিশনাল লোক ছিলেন। রবার্ট ফ্রস্টের মত মহৎ কবিকে তিনি বাংলাভাষায় একেবারে ধ্বংস করে দিয়ে গেছেন। সেটা রবার্ট ফ্রস্টের মুল কবিতাগুলোর সাথে শামসুরের অনুদিত কবিতাগুলো মিলিয়ে পড়লে বুঝতে পারা যায়। তার অনুদিত ফ্রস্টের কবিতাগুলো পড়লে মনে হয় এদেশীয় চতুর্থ শ্রেণীর কবিরাও ফ্রস্টের চাইতে ভাল লেখে। তিনি পশ্চিমবঙ্গীয় আধুনিকদের অনুকরণে এসব করেছিলেন।
আর আল মাহমুদকে তো রীতিমত ভণ্ডপীর উপাধি দেয়া যেতে পারে। আত্মার গরিমাহীন যৌন উপোসী এই লোক কবিতার দোহাই দিয়ে জীবন সুদ্ধ চালিয়াতি করেছে। বাংলাদেশের প্রত্যেক গুণ্ডাপাণ্ডা, আর্মি স্বৈরাচার সরকারের পা-চাটা সে। তার কবিতা- গল্প- উপন্যাস পদবাচ্য পড়লে মনে হয় আদি রসাত্মক লেখক শ্রী রসময়গুপ্তই একমাত্র তার সমকক্ষ লেখক। নারীদেহকে তার মত এত নোংরা ও বিকৃতভাবে অন্য কোনো কলমধারী ব্যবহার করে নাই। ঐতিহ্য প্রকাশিত একটি সাক্ষাতকারের বইয়ে তিনি বলেছেন এখন নাকি কবিদের ধর্ষণ করার সময় এসেছে। এই বিকৃত মানুষটাই আবার ইসলামী সংস্কৃতির জিগির তোলে আর আত্মপ্রচারকালে রসিয়ে রসিয়ে বলে তারা নাকি আরব থেকে এসেছে। এদেশীয় মুসলমানদের ভেতর অনেক হীনম্মন্যতার মধ্যে অন্যতম হচ্ছে তারা অধিকাংশই মনে করে যে তারা মহম্মদের বংশধর, তারা এসেছে আরব থেকে। কিন্তু যে কেউ নৃবিজ্ঞান না ঘেটেই চেহারা দেখেই বলে দিতে পারে মাহমুদ মঙ্গোলিয়ান প্রজাতির লোক। তার চেহারায় মঙ্গোলিয়ানদের ছাপ স্পষ্ট।
কবিতা হচ্ছে একই জীবনের অন্যরকম উৎসার এটা গভীরভাবে অনুভব করবার সময় এদের কারো হয়েছে বলে মনে হয় না। উনিশ শতক, পশ্চিমবঙ্গের দলিত গোষ্ঠী ও এদেশীয় গুটিকয় সাহিত্যিকদের বাদ দিলে এদেশীয় সাহিত্য এখনো শিশুসাহিত্য। একটা পয়ত্রিশ বছর বয়সী স্বাধীন দেশের সাহিত্যে যে পরিমাণ অগ্রগতি হওয়া উচিত ছিল তা তো হলইনা। একাত্তরের মত একটা এপিক ওয়ার যার শেকড় বায়ান্ন পর্যন্ত বিস্তৃত তা নিয়ে একটা মহৎ উপন্যাস পর্যন্ত লেখা হলনা। একাত্তর সম্পর্কে জানতে গেলে আমাদের একমাত্র সহায় মেজর(অব:)দের অপাঠ্য স্মৃতি কথা।
এদেশে সাহিত্য এখনো ফটকাবাজ তালিবাজ ও বটতলায় সীমাবদ্ধ। সন্দেহ নাই এ সাহিত্যকে উপরতলায় তথা আর্ন্তজাতিক মহৎ সাহিত্যের কাতারে নিয়ে যাওয়া সাহিত্যিকদের আরেকটি দায়িত্ব। যার কারণে বৈদেশিক ভাষা থেকে প্রচুর অনুবাদ হওয়া দরকার। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ অনুবাদকই ছোটলোক। অনুবাদ ক্ষেত্রে তাদের জালিয়াতি আতংকিত হবার মত। তাদের অনূদিত বইটি হাতে নিলে লজ্জা হয়। দেখা যায় বইটির সামনে পিছনে ফ্ল্যাপে অনুবাদকের নাম, ছবি, জীবনী ইত্যাদি ময়লা আবর্জনায় ভরপুর। অনেক সময় অনুবাদকদের এসব অপকর্মের দুর্গন্ধে মূল লেখককে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে।
কবীর চৌধুরীর মত অশীতিপর বৃদ্ধ অনুবাদকও এইসব অপকর্ম করেন নিয়মিত। আত্মপ্রচারের হীনমন্যতাবোধ, ছাপার অক্ষরে নিজের নাম দেখার শিশুসুলভ যৌনবাসনা এখনো আমরা পরিহার করতে পারি নাই। যেন মূল লেখকরা আমাদের বোন জামাই অথবা কাকা লাগে। ফলে হাতে নেয়ার পর মনে হয় এইরকম হীনমন্য এক লোকের অনুবাদ আর কী পড়ব। পড়ার রুচিটাই নষ্ট হয়ে যায়। আর কিছু অনুবাদক আছে আরো অসৎ ও দুর্নীতিবাজ। অর্ধেক লেখা বাদ দিয়ে বইটি ছেপে দেয়। যেন তাড়াহুড়ো করে ইতিহাসে স্থান করে নেয়া যায়। আর এসব ’হতে চেয়েছিলাম’ লেখকদের আবর্জনার স্তুপ ছেপে চলে বাংলাবাজার ও শাহবাগের প্রকাশকদল। অধিকাংশ প্রকাশকরা অশিক্ষিত। প্রকাশকদের মধ্যে শিক্ষিত মার্জিত লোক নাই বললেই চলে। কারণ এরা চাকরী করতো প্রেসে, বাইণ্ডিংখানায়। সহজে দুইপয়সা কামানোই হচ্ছে এসব জীবদের জীবনের ব্রত। একবার বাংলাবাজারের এক নামকরা প্রকাশকের কথা শোনার সৌভাগ্য হয়েছিল। তিনি বিস্ময় প্রকাশ করছিলেন বড় পত্রিকার সাংবাদিক নয়, কলেজে পড়ায় না সে কী করে লেখক হতে পারে। তার ধারণা এ দুই পেশার লোক ছাড়া অন্য কেউ লেখক হতে পারে না। এরা আবার বিভিন্ন পেশার সাথে জড়িত। তারা ছাপে অন্য পেশার কন্ট্রাকটরের শালার বউয়ের ছোট ভাইদের কবিতার বই।
সুবিধা পেলে সাহিত্য সুদ্ধ পাইকারি বিক্রি করতেও তাদের বাধবে না। এইরকম একটা গুমোট হত্যাচক্রের ভেতর কখনোই মহৎ কবি সাহিত্যিক জন্মগ্রহণ করতে পারে বলে বিশ্বাস করতে কষ্ট হয়।

হুমায়ুন আজাদের মৃত্যুগ্রহণ ও কতিপয় জন্ম

‘সৃষ্টি করো সেই সব যা দেখে জনগণ বিদ্ধ করবে বিদ্রূপে। আর সেটুকুই হলে তুমি।’ — জাঁ ককতো
humaun_azad
আমরা কেউই আশা করিনি হুমায়ুন আজাদ (১৯৪৭-২০০৪) এত অচিরাৎ মৃত্যুকে গ্রহণ করবেন। আমরা বলতে যারা তাঁকে সেনাপতি জ্ঞান করতাম। বস্তুত পক্ষে তিনি শুধু প্রগতিশীল সমাজের সেনাপতিই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশি চিন্তার একজন অভিভাবকও। এটা বুঝতেও আমাদের সময়ের দরকার হতে পারে। একটা ধাবমান অন্ধকার ছিল তাঁর আক্রমণের লক্ষ্যস্থল।
সাহিত্যের ইতিহাস মূলত অজ্ঞানতা আর অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস। আর সমস্ত আবিষ্কার ভয় থেকে নিস্তার পাওয়ার জন্য। আগুন জ্বালানোর পর মানুষের ভয় অনেকখানি কেটে যায়। আলো সবসময় অন্ধকারের শত্রু। তবে আজাদের সময়ের সব চাইতে বড় অন্ধকার হচ্ছে অজ্ঞানের অন্ধকার। এটা প্রতিক্রিয়াশীল এবং সংক্রামক। উগ্র এবং আদেশপ্রবণ। অনেকটা দানবীয় তার স্বভাব। যার বিরুদ্ধে তিনি লড়েছিলেন। ভাবি যে হুমায়ুন আজাদ কি জানতেন না তাঁর শত্রুর অপশক্তি ও দেহকাঠামো সম্পর্কে? যদি তিনি তা জানার পরও সম্মুখসমরে লড়াই করতে মনস্থির করে থাকেন এবং লড়াই চালিয়ে যান আমৃত্যু, তাহলে তাঁকে অসম্ভব সাহসী, সৎ আলোকপ্রাপ্ত শহিদ সেনাপতি হিসেবে তকমা মারা যায়। হুমায়ুন আজাদের আঘাতের প্রক্রিয়া এত সরাসরি এবং এত সঠিক ছিল যে তাঁকে একমাত্র ফরাসি চিরবিদ্রোহী দার্শনিক মহাত্মা ভলতেয়ারের সাথেই তুলনা করা চলে। আর আমার বিশ্বাস, এই যুদ্ধে নামার আগেই তিনি মৃত্যুকে গ্রহণ করেছিলেন। তিনি সক্রাতেসকে জানতেন, জানতেন ভলতেয়ারকে, জানতেন গ্যালিলিওকে, জানতেন হাইপেশিয়াকে। তাঁর স্থান অন্ধকারের বিরুদ্ধে এই সব সৈনিকদের কাতারে খোদাই হয়ে গেছে।
যদিও তাঁর প্রায় উপন্যাসে তিনি যৌনতাকে প্রশ্রয় দিয়েছিলেন আধুনিকতার নাম করে, তবুও মনে হয় তিনি মেজাজে মার্ক্সীয় ছিলেন। সমগ্র পৃথিবী জুড়ে যেখানে লেখক-সাহিত্যিকরা নব্য সিনিসিজমে মেতে উঠেছেন, যখন তাঁরা পৃথিবীব্যাপী বোমার শব্দে জেগে উঠে বলেছেন, ‘অনেক ঘুমাতে চেয়েছি আমি’ এবং তারপর পাশ ফিরে শুয়ে পড়েছেন, সেখানে তিনি জেগে ছিলেন এবং নির্ভয়ে বিহার করে চলেছেন এই পোড়োজমিতে এবং হাঁকিয়ে চলেছেন সম্মুখ-রণাঙ্গনে।
তিনিও তো পারতেন প্রথম দুনিয়ার কোনো দেশের পুঁজির গোলামি করতে বা পালিয়ে যেতে কোনো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। কিন্তু তিনি তা করেননি। এ থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি যে তিনি নিজেকে একা মনে করতেন না, তিনি নিজেকে সংস্কৃতি ও জাতিসত্তার অংশ মনে করতেন। তিনি বুঝতে পেরেছিলেন, ‘অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না’। তাঁর কবিতাগুলোকে দেখি বক্তব্যে ভরা আর প্রেমে মহীয়ান। যদিও মহাকালের চেয়ে কবিতায় তাঁর দৃষ্টিভঙ্গি ছিল সমকালের দিকে। তিনি ভবিষ্যদ্বাণী দিলেন : ‘সব কিছু নষ্টদের অধিকারে যাবে’। আমাদের জন্য কত সত্য তাঁর ভবিষ্যদ্বাণী! কবিতাকে তিনি ব্যবহার করেছেন অন্ধকার আর অজ্ঞানতার বিরুদ্ধে। এক হিসেবে সমস্ত কবিতাই তা-ই। জীবনানন্দ যখন অবিরাম মহাকালিক বেদনার দিকে তাকিয়ে সন্দেহ প্রকাশ করেন, ‘তিমির হননে তবু অগ্রসর হয়ে’ — আমরা কি তিমিরবিলাসী? বস্তুত তাও অজ্ঞানতার বিরুদ্ধে যুদ্ধেরই মহামন্ত্র। তাঁর কবিতায় এক দিকে প্রেম অন্যদিকে চূড়ান্ত বিদ্রোহ। শান্তি এবং যুদ্ধ, প্রেম ও বিচ্ছেদ, জরা ও যৌবন এভাবেই এগিয়ে চলেছে পৃথিবী।
চৈতন্যে গ্রন্থিত হয়েছিলেন তিনি। এড়িয়ে যাননি কোনো দুঃসময়-দুঃশাসনকে। সামরিক একনায়কদের মুখোমুখি দাঁড়িয়ে তিনি লিখেছেন জলপাই রঙের অন্ধকার-এর মতো বই, ছাপ্পান্ন হাজার বর্গমাইল-এর মতো বক্তব্যপ্রধান উপন্যাস। লিখেছেন প্রতিক্রিয়াশীলতার দীর্ঘ ছায়ার নিচে, সীমাবদ্ধতার সূত্র। মূলত তাঁর কবিতা এবং প্রবন্ধ (ভাষা সংক্রান্ত সম্পাদনা, প্রবন্ধাবলি বাদে) ও উপন্যাসে উঠে এসেছে তাঁর স্ব-সংস্কৃতি-প্রগতির পথে প্রধান অন্তরায়সমূহের সমালোচনা। আর তিনি শুধু বিষয়কে উপস্থাপন করেননি, সাথে সাথে বিষয়সমূহকে রক্তাক্ত করেছেন। ধারালো তলোয়ার দিয়ে সেসবকে তিনি চেঁছে ফেলে দিতে চেয়েছেন। নতুন করে তিনি সম্পাদনা করেছিলেন আধুনিক বাঙলা কবিতা, নতুন করে সম্পাদনা করেছেন রবীন্দ্রনাথের কবিতা। মূলত তাঁর দৃষ্টিভঙ্গিটাই ছিল অভিভাবক সুলভ। কিন্তু তিনি চপল বা চঞ্চল ছিলেন না। তাঁর বক্তব্যে আপাতগভীরতাও কম নয়। সমস্ত প্রাতিষ্ঠানিক প্রথায় সিদ্ধ হয়েও তিনি ছিলেন চূড়ান্ত প্রথাবিরোধী। কিন্তু তাঁকে কখনও রাগী তরুণ সম্প্রদায়ের লোক বলে মনে হয় না। চৈতন্যের দায় তাঁকে নাড়া দিয়েছিল।
জ্ঞান যাঁরা আহরণ করেন, মনে করি, তাঁরা সাথে সাথে আরও দুটি বস্তু আহরণ করেন : একটা হচ্ছে মারাত্মক কাণ্ডজ্ঞান, অন্যটা অসার কাণ্ডজ্ঞানহীনতা। কাণ্ডজ্ঞান একজন মানুষকে দায়বদ্ধ করে আর কাণ্ডজ্ঞানহীনতা তাঁকে করে তোলে আত্মপ্রেমে মাতোয়ারা। হুমায়ুন আজাদ প্রচণ্ড কাণ্ডজ্ঞানসম্বলিত ছিলেন। তিনি সবকিছুকে ঘেন্না করতে চেয়েছিলেন সবকিছুকে ভালোবেসে। তিনি কখনওই গ্রহণ করতে পারেননি এমন সাহিত্যকে যা সমাজকে স্থূলভাবে প্রকাশ করে। তিনি গ্রহণ করতে পারেননি মাথামোটা নেতাদের। তিনি বরদাস্ত করেননি চরিত্রহীন সাহিত্যিকদের। তিনি সহ্য করেননি সামরিক একনায়কদের। তিনি ছেড়ে দেননি সুবিধাবাদী আগাছা বুদ্ধিজীবীদের। সমস্ত অসাহিত্য, অপন্যাস, অকবিতার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। মনঃতুষ্টির জন্য তিনি ছুটির দিনের অপন্যাস লেখেননি। লেখেননি কোনো দায়িত্বজ্ঞানহীন কাহিনি। তবে আক্রমণের পাশাপাশি তিনি অপেক্ষাকৃত বেশি মাত্রায় ব্যবহার করেছেন যৌনতাকে। মাঝে মাঝে তাঁর চরিত্রদের প্রতি সহানুভূতি রাখা কঠিন হয়ে পড়ে। তাদেরকে মনে হয় যৌনদানব। তবু তাদের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে স্যাটায়ার। অতিমাত্রায় যৌনতার ব্যবহারও আসে এক ধরনের হতাশা থেকে, যেমন হতাশায় থাকলে মানুষ অতিমাত্রায় যৌনপ্রবণ হয়। তিনি নির্দিষ্ট কোনো মতবাদে বিশ্বাস করতেন না আগেই বলেছি, যদিও তিনি মেজাজে মার্ক্সীয় ছিলেন। তাঁর ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ পাশ্চাত্য ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের মতো নয়। কেননা তিনি দায় এড়াতে পারেননি। এড়াতে পারেননি যে-সমাজে তিনি বাস করেন সেই সমাজকে। তাঁর উদ্ধত তলোয়ার ছিন্নভিন্ন করেছে বাঙালি মুসলমানকে। সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের মতো। হুমায়ুন আজাদ জন্ম দিয়েছেন অপক্ষাকৃত ধর্মীয় উদার মনোভাবের। ধর্ম সম্পর্কে বাঙালি মুসলমানের যে-অন্ধ রক্ষণশীল মনোভাব, সেটা থেকে তিনি বাঙালি মুসলমানদের পরিত্রাণ দিতে চাইলেন। যেখানে তাঁর মৃত্যু, সেখানেই অন্যার্থে তাঁর যাত্রা শুরু। তাঁর মৃত্যুর পর এখন অনেকেই তাঁকে নিরপেক্ষভাবে বুঝতে চাইবে।
চিন্তার জয় সেখানেই — তাঁর মৃত্যু নেই। তাঁর বই অন্য অনেক জনপ্রিয় অপন্যাসিকের চাইতেও কম বিকোয় না। কারা পড়ে তাঁর বই? বিশেষ করে পড়ে তরুণরা, পিছিয়ে পড়া নারীগোষ্ঠী। তিনি চেয়েছিলেনও তা-ই। তরুণদের ভেতর তিনি তাঁর চিন্তাসূত্র ঢুকিয়ে দিতে পেরেছেন, সেটাই তাঁর সফলতা। হুমায়ুন আজাদ যতটুকু কর্ষণ করেছেন, অন্য যে-কেউ সেখান থেকেই শুরু করতে পারে। তিনি তরুণদের জন্য পথটি অপেক্ষাকৃত সহজ করে দিয়ে গেছেন। এমন এক সমাজের কথা ভেবে তিনি বিস্মিত হয়েছিলেন যে-সমাজে চিন্তার স্বাধীনতা নেই। যেন আমরা বাস করছি কতিপয় অন্ধ মানুষের ভিড়ে। প্লাতোনের সেই গল্পটার মতো। আমরা যেন সেই সব লোক যাদের দু’হাত পিছন দিকে বাঁধা। আমরা কেবল সম্মুখ দেখতে পারি। আমরা কেবল ছায়া দেখে দেখে ভাবি এটাই জগৎ, এটাই পৃথিবী। হুমায়ুন আজাদ সেই লোক যিনি বন্দিত্ব থেকে মু্ক্তি পেয়েছিলেন আর তিনি আমাদের মাঝে এসে বললেন, ‘দেখো, আমরা কেবল ছায়াকেই জগৎ ভেবেছি। আসল জগৎ অন্য রকম।’ আর আমরা দুর্ভাগারা তাঁকে সবাই মিলে হত্যা করেছি। হুমায়ুন আজাদ নিহত হননি। অনেকে বলতে পারেন, কিন্তু হুমায়ুন আজাদের সাথে যে-রকম ব্যবহার আমরা করেছি — বইমেলা প্রাঙ্গণেই মূলত তিনি মরে গেছেন চাপাতির কোপে। বাকি অর্ধেক মরেছে ধিক্কারে, ঘৃণায়; তাঁকে খুন করার প্রচেষ্টার পরও তাঁর পরিবারকে শান্তিতে থাকতে দেয়নি অন্ধকারের কৃমিরা। সরকার চিহ্নিত করতে পারেনি তাঁর আপাত-আততায়ীদের। সরকার দিতে পারেনি তাঁর পারিবারিক নিরাপত্তার নিশ্চয়তা। শত্রুরা ফের তাঁর সন্তানকে ধরে নিয়ে যায় এবং হত্যার হুমকি দেয় । শত্রুদের ভয় কেবল তাঁর কলম আর দেখার চোখ। কিন্তু যা তিনি লিখে ফেলেছেন তা কী করে রুখবে তারা? যে-চিন্তার স্রোত তিনি প্রবাহিত করেছেন, কী করে বন্ধ করবে তারা তার প্রস্রবণ? তাঁর মৃত্যুর পর তিনি তলে তলে দ্বিগুণ শক্তিশালী। তাঁর লেখা নিয়ে নতুন করে ভাবছে মানুষ। তাঁর বই নতুন করে কেনার হিড়িক পড়েছে — কী লিখেছেন এই লোক যার জন্য হঠাৎ করে মরে যেতে হয়েছে!
কবিতা-উপন্যাস-প্রবন্ধ সব মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যাও কম নয়। শুধু হুমায়ুন আজাদ কেন, কোনো চৈতন্যসমৃদ্ধ মানুষই নিরাপদ নয়, ভিনদেশি অন্ধকারের কৃমিদের কাছে। আহত হওয়ার পর বিষক্রিয়ায় কোন পর্যায়ে তিনি ছিলেন তা আমাদের দ্বারা অনুমান করাও দুঃসাধ্য। তিনি ছিলেন মূলত হেমলক পান করার পর সক্রাতেস যে-অবস্থায় ধীরে ধীরে মৃত্যুকে প্রত্যক্ষ করে চলেছিলেন সেই অবস্থায়। তবু তাঁর জার্মানিতে যাওয়াটা বেঁচে থাকার এক ধরনের তৃষ্ণা বলা যায়। শেষপর্যন্ত পান করা হেমলকের অনন্ত বিষাদের আরকক্রিয়া থেকে নিস্তার মেলেনি তাঁর। তিনি ঢলে পড়লেন। তাঁকে আমরা নিহত হওয়া বলতে পারি। বলতে পারি আত্মহত্যাও। তাঁকে আমরা বাঁচাতে পারিনি। এই দায়ভার আমাদের সবাইকে বহন করতে হবে। যারা তাঁকে খুন করতে চেয়েছিল আর আমরা যারা তাকিয়ে তাকিয়ে দেখেছি, তারা সমান অপরাধী।
হুমায়ুন আজাদ নেই; আমরা যারা আছি, এটুকু আশা নিয়ে আছি : তাঁর মৃত্যু এক ধরনের পুনর্জন্মের গান। তিনি উদাহরণ হয়ে আছেন নির্ভীক শহিদের, আত্মত্যাগকারী, মৃত্যুকে মহিমা দানকারী, প্রতিবাদী এক মহাপুরুষ হিসেবে।

ফ্রাঁসোয়া মোরিয়াকের পাপ বিশ্ব

আমি একজন মেটাফিজিশিয়ান। মূর্তের ওপর কাজ করি। পাপময় ক্যাথলিক বিশ্বকে দৃশ্যগোচর, স্পর্শগ্রাহ্য আর গন্ধবহ রূপ দিতে চাই। ধর্মশাস্ত্রবেত্তারা পাপী সম্বন্ধে আমাদের বিমূর্ত ধারণা দেন মাত্র। আমার কাজ তার সঙ্গে রক্তমাংস লাগানো।
উপরোক্ত কথাগুলো পারী রিভিউ পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে তিনি বয়ান করেন। এই হচ্ছেন মোরিয়াক। গড়পড়তা ফরাসি ঔপন্যাসিকদের থেকে একেবারেই আলাদা। নিজেকে একজন ক্যাথলিক হিসাবে সবসময় দাবি করেন। সবাই তা জানে। কিন্তু তাঁর উপন্যাস যে-কোনো আধুনিকের চাইতেও আধুনিক। একটা সময় তিনি লেখা শুরু করবার আগে নাকি ঘণ্টাখানেক বাইবেল পড়তেন, তিনি ভাবতেন এতে গদ্য ভাল হবে। কিন্তু পরে তিনি মত বদলান যে বাইবেলের গদ্য সবধরনের লেখার জন্য উপযুক্ত নয়। তাঁর যে বইটি নিয়ে আলোচনা করতে চাই সেটার নাম “ডেজার্ট অব লাভ” (Le Désert de l’amour)। ফরাসি থেকে এটি ইংরেজী অনুবাদ করেন জন মরিস । প্রকাশক ম্যাকমিলান।
পিতাপুত্র একই নারীর প্রেমে পড়েছে। এরকম সফল উপন্যাস খুব বেশি নাই বিশ্ব সাহিত্যে। ফরাসি উপন্যাসিক ফ্রাঁসোয়া মোরিয়াকের এই উপন্যাসটি এই ধরনের একটি সফল উপন্যাস বলা যায়। এ উপন্যাসে নায়িকা মারিয়া ক্রস মসিয়ে ভিক্তর লারুসেলের রক্ষিতা। তার ছেলের অসুখ হলে ডাক পড়ে শহরের জাদরেল ডাক্তার মঁসিয়ে কোরেজের। ছেলেটাকে অবশ্য শেষ পর্যন্ত বাঁচাতে পারেনা ডাক্তার। ফলে মাঝে মাঝে মারিয়াকে দেখতে আসতেন ডাক্তার। মারিয়া ছিল অদ্ভুত রূপসী আর সাক্ষাত প্রেম দেবী যেন। ধীরে ধীরে কোরেজ প্রেমে পড়ে মারিয়ার। মারিয়ার দিক দিয়ে অবশ্য ব্যাপারটা অন্য রকম। ডাক্তার আসলে সমাজে তার সম্মান বাড়ে এই তার পাওয়া। এমনিতে সে মনে মনে বিরক্ত হয়। কেননা ততদিনে স্পস্ট হয়ে যায় কেন ডাক্তার ঘনঘন তার কাছে আসে। ইতিমধ্যে মারিয়ার সাথে পরিচয় হয় ডাক্তারের ছেলে রেমন্ডের ঘটনা মোড় নেয় অন্য দিকে। রেমন্ড স্কুলের ছাত্র। টগবগে রক্ত। একদিন মারিয়াকে বিছানায় টানলে তাকে বাড়ী থেকে বের করে দেয় মারিয়া। রেমন্ডের জীবনে এটা ছিল প্রথম ব্যর্থতা কোনো নারীর কাছে। রেমন্ড বুঝতে পারে তার পিতা কেন এত অসুখি। রেমন্ড বোর্দো ছেড়ে পাড়ি জমায় পারিতে। এদিকে লারুসেল মারিয়া ক্রসকে বিয়ে করে পারিতে নিয়ে যায়। লারুসেল অসুস্থ হয়ে পড়লে মারিয়া চিঠি লিখে ডাক্তারকে নিয়ে যায় পারিতে। এক অদ্ভুত সম্মোহনী শক্তি আছে এ উপন্যাসে। শেষে ডাক্তার এবং রেমন্ড দুজনই বুঝতে পারে না পাওয়াটাই প্রেম। মোটামুটি এই হচ্ছে বইটার কাহিনী।
মহান উপন্যাসিক নিজে ছাড়া অন্য কারো ওপর নির্ভর করেন না। প্রুস্তের সংগে তার কোনো পূবর্সুরীর মিল নাই হয়তো উত্তরাধিকারীরও নাই। মহান উপন্যাসিক নিজস্ব ছাঁচ ভেংগে নেন, তিনিই তার একক ব্যবহারকারী। বালজাক বালজাকীয় উপন্যাসের স্রষ্টা, তার রচনাশৈলী কেবল বালজাকেরই উপযুক্ত। ধার করা রচনা শৈলী বাজে। নিজেদের বক্তব্য পেশ করার জন্য ফকনার থেকে হেমিংওয়ে পযর্ন্ত সব মার্কিন লেখক নিজস্ব শৈলীর ওপর নির্ভর করেছেন।
উপরোক্ত কথাগুলো তিনি বলেন এক সাক্ষাতকারে। কথাগুলো মোরিয়াকের নিজের সম্পর্কেও সত্য। মোরিয়াক ১৮৮৫ সালে বর্দোর এক মধ্যবিত্ত পরিবারে জন্মান। ১৯৫২ সালে তাঁকে নোবেল পুরস্কার দেয়া হয়।

বিষয়: আনাতোল ফ্রাঁস ও সিলভেস্তা বোনার্ডের অপরাধ

আনাতোল ফ্রাঁসের মৃত্যুর কিছুদিন আগে শিকাগো টাইমস পাঠকদের আমন্ত্রণ জানিয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ লেখকদের সম্পর্কে তাঁদের মতামত দিতে। ফলাফলে দেখা যায় ১. শেক্সপীয়র ২. গ্যোতে ৩. আনাতোল ফ্রাঁস। আনাতোল ফ্রাঁস অসাধারন হিউমার সমৃদ্ধ ফরাসী লেখক। আমাদের দেশে তিনি কামু অথবা সাত্রের মত পরিচিত নন। ১৮৪৪ সালের ১৬ এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। সাহিত্যে বিশেষ করে উপন্যাসে দুই ধরনের স্কুল দেখা যায়। লিটারারি জারনালিজম আর লিটারারি মনাস্টিসিজম। তিনি এই শেষোক্ত স্কুলের লেখক। তিনি নিজেও বলতেন তিনি সমকালীনদের লেখা পড়তেন না সবসময় ক্লাসিকের দিকেই ছিল তার ঝোক। তাঁর লেখা সব বই প্রকাশের সাথে সাথেই ক্লাসিকের স্বীকৃতি পেয়েছে। আনাতোল ফ্রাঁসের আসল নাম Jacques Anatole Thibault. তিনি ঠাট্টার ছলে বলতেন আহা মূল নামটার উচ্চারণই ভুলে গেছি। ফ্রাঁস জন্মেছিলেন এক বইয়ের দোকানদারের ঘরে। সেকেন্ডারী স্কুলে পড়াকালীন সময় থেকেই তিনি বইয়ের পোকা। পিতামাতা চেয়েছিলেন পাদ্রী হবেন কিন্তু ফ্রাঁস তার বিরুদ্ধে। যুদ্ধ ক্ষেত্রে ঈনিড পড়তে গিয়ে সামান্যর জন্য বেঁচে যান বোমার আঘাত থেকে। অন্য কোনো কাজেই মন ছিলনা তার। ১৮৭৬ সালে সেনেট লাইব্রেরীতে একটা চাকরি পান। কাজ না করে বই পড়ার অপরাধে সেটাও হারালেন। পরের বছর বিয়ে করেন তার চাইতে বড়লোকের মেয়ে ভালেরি গুয়েরিনকে। বছর দেড়েক সংসার করলেন। মাদাম বুঝলেন স্বামী বস্তুটির মূলত কোনদিকে মনটন নাই কেবল ঐ বই পড়া ছাড়া। তিনি আবার খুব ব্যবসা বুদ্ধি রাখেন। ফলে গন্ডগোল আর বিচ্ছেদ। ফ্রাঁসের জীবনে মাদাম অরমানি দি কেলাভেত ছিলেন সৌভাগ্যের প্রতীক স্বরূপ। ফ্রাঁসের লেখক হয়ে উঠার পেছনে এই ভদ্রমহিলার অবদান স্বীকৃত। ফ্রাঁস আলসেমি করে লেখাটেকা শিকেয় তুলে রাখলে মহিলা বুঝিয়ে তাকে লেখার টেবিলে বসাতেন। মতবাদের দিক থেকে ফ্রাঁস সমাজতন্ত্রী থাকলেও রাজনীতি বিষয়ে চুপচাপ ছিলেন। ব্যঙ্গ, রসবোধ, গভীর বেদনা আর প্রজ্ঞা এই ছিল তার লেখার চরিত্র। আনাতোল ফ্রাঁসের আত্মজীবনী অন লাইফ এন্ড লিটারেচারে তিনি লেখেন বিশ্বাস করুন, আমি মনে করি লেখার চাইতে বাধাকপির চাষ করা ভাল। আর সত্যি যদি লিখতে চান তবে সমসাময়ীকদের লেখা পড়া ঠিক হবেনা। বলা ভাল এই মন্তব্যটি মারাত্মক কিন্তু সত্য। সমসাময়ীকদের লেখা বেশী পড়লে নিজের লেখার মান নেমে যেতে পারে। আজেবাজে লেখাও প্রচারগুণে মহান সাহিত্য হয়ে যায় আজকাল।
আরেক জায়গায় তিনি লেখেন সৌন্দয্যই শক্তি। তাকে ছেড়ে কোথায় যাবে? নারী ফুল নদী জ্যোৎস্না ছেড়ে। যদি আমাকে সুন্দর আর সত্যের মধ্যে একটাকে বেছে নিতে বলা হয় তাহলে আমি সুন্দরকেই বেছে নেব কারণ সুন্দরই একমাত্র সত্য। আরেক জায়গায় লেখেন ইন্দ্রিয় চেতনা শিল্প চেতনার ভিত্তি। মহত শিল্পীদের প্রতিভার চার ভাগের তিন ভাগই ইন্দ্রিয় চেতনা। অনেকে বলে ইন্দ্রিয় চেতনা পাপ-কেন? ভার্জিন মেরী যিনি পাপ ছাড়াই জননী হয়েছিলেন। তবে দয়া করে আমাকে পিতৃত্ব ছাড়াই পাপ করতে দিন। এই রকম অনেক রসময় বাক্যে ভরপুর তার বইটি। তাঁর এ উপন্যাসটি আত্মজীবনীমুলক। মঁসিয়ে বোনার্ড অদ্ভুত রকমের একজন মানুষ। যিনি বইপত্র আর পুরানো পান্ডুলিপি সংগ্রহ করে জীবন কাটান। তাঁর সংসার বলতে ঝি তেরেজা আর প্রিয় বিড়াল হামিলকার। একদিন মঁসিয়ে কোকোজ নামের একজন পান্ডুলিপি বিক্রেতা আসেন। তিনি কিছু আজেবাজে পান্ডুলিপি গছাতে চান বোনার্ডকে। বোনার্ড নেন না তবে লোকটার জন্য দু:খ পান। তেরেজাকে জিজ্ঞেস করেন কোথায় থাকে এই লোক জান? তেরেজা বলে এই দালানের চিলেকোঠায়। বৌটার বাচ্চা হবে। আরও একটা শিশুকে এই পৃথিবীতে আনার জন্য লোকটাকে গালিগালাজ করতে করতে বোনার্ড উপরে কিছু খাবার দাবার পাঠিয়ে দেন। বোনার্ড তাঁর পুরনো পান্ডুলিপির তালিকা খুঁজতে খুঁজতে চর্তুদশ শতকের জ্যাক দ্য ভোরাজিনার-সন্ন্যাসীদের কাহিনীর সন্ধান পান। বইটির নাম গোল্ডেন লেজেন্ড। পান্ডুলিপিটা পাওয়ার জন্য তিনি পাগল হয়ে উঠলেন প্রায়। আট ন মাস পরে বোনার্ড যখন একটা পুরানো ভাস্কর্য ও বইয়ের দোকানে গেলেন তখন মাদাম কোকোজের সাথে তাঁর দেখা হয়। ততদিনে মঁসিয়ে কোকোজ মারা গেছেন। সেই গোল্ডেন লেজেন্ডের জন্য চিঠি লিখতে লিখতে একসময় বোনার্ড একটা চিঠি পান। নেপলস থেকে পান্ডুলিপির মালিক জানাচ্ছেন। ওটা আছে, তবে তিনি হাতছাড়া করবেন না। দেখতে অথবা কাজ করতে হলে ওখানে গিয়েই করতে হবে। ইতি এম এ পলিজি। মদ্য ব্যবসায়ী । সিসিলি। অতএব সিসিলি যেতেই হয়। কিন্তু তেরেজা রাজী না হলে? তেরেজা রাজি তবে সন্ধ্যা ছটার মধ্যে ফেরা চাই। কারণ আজ একটা বিশেষ খাবার সে বানাচ্ছে মঁসিয়ের জন্য। বেচারি জানে না সিসিলি কোথায়! কী করে যে জিনিসপত্র নিয়ে বোনার্ড সিসিলি গিয়ে পৌছান ভগবান মালুম। রেস্তেরাঁয় খেতে গিয়ে এক দম্পতির সাথে তাঁর পরিচয়। দিমিত্রি এবং মাদাম ত্রেপফ। রুশ দম্পতি, তাঁদের শখ জগতের তাবত দেশলাই বাক্স সংগ্রহ করা। কথায় কথায় মঁসিয়ে বোনার্ডের পারির ঠিকানা শুনে মাদাম ত্রেপফ স্তব্ধ হয়ে যান। কারন ইনিই হচ্ছেন সাবেক মাদাম কোকোজ। মাদাম কোকোজ বোনার্ডের বদান্যতার কথা ভুলেননি। এরপর পান্ডুলিপির মালিকের কাছে গিয়ে বোনার্ডের মাথা খারাপ হয়ে যাবার যোগাড়, তিনি জানলেন পান্ডুলিপি ইতোমধ্যে পারিতে চলে গেছে। তিনি আবার পারি ফিরে আসেন। বোনার্ড নিলামখানায় এসে তাঁর সর্বস্ব বাজি রেখে নিলাম ডাকেন। কিন্তু পান্ডুলিপির মালিক নিজেই কার জন্য যেন সর্বোচ্চ নিলামে ডেকে নিলেন। বোনার্ড জানতে চান কে এই লোক। মালিক জানালেন নাম বলা বারণ। কিছুদিন পর বোনার্ডের জন্মদিনে তেরেজাকে একটা বাক্স নিয়ে ঢুকতে দেখে বোনার্ড জিজ্ঞেস করেন কি আছে ওখানে। বোনার্ড খুলে অবাক। একগাদা ফুলের মধ্যে সেই পান্ডুলিপিটা। এইভাবে কাহিনীটা এগোতে থাকে। ফ্রাঁস জীবিত থাকাকালীনই এই বইটা ক্লাসিক হিসাবে সম্মান লাভ করে। পরের ঘটনা আরো মর্মস্পর্শী। বোনার্ড এক বাড়ীতে বইয়ের ক্যাটালগ তৈরী করতে এসে একটি ভারী সুন্দর খুকীকে দেখে তাঁর ভেতর পিতৃস্নেহের হাহাকার টের পান। আহা ক্লেমেনতীন এতদিন তাঁর জীবনে থাকলে তাঁরও এতসুন্দর একটা মেয়ে থাকতে পারতো। পরে তিনি জানতে পান এ আসলে ক্লেমেনতীনেরই মেয়ে, দেখতে অবিকল তার মত। খোঁজ নিয়ে জানতে পারেন মেয়েটার এখন কেউ নেই। তিনি স্কুলে আইনগত ভাবে মেয়েটার ভার নেন। বোর্ডিং স্কুলের এক শিক্ষিকা বোনার্ডের প্রেমে পড়েন। কিন্তু বোনার্ড তাঁকে প্রত্যাখান করলেন। শিক্ষিকা ছোট্ট মেয়েটির উপর নির্যাতন বাড়িয়ে দেন। একদিন বোনার্ড স্কুল থেকে জেনকে নিয়ে আসেন। জেন বড় হয়। বোনার্ডের এক ছাত্রকে ভালবাসে জেন। ছাত্রটি আবার যৌতুক নেবেনা। বিয়ের দিন শোকে উদ্বেলিত বোনার্ড। কি দেবেন নিজের মেয়েকে। কি আছে তাঁর এই বিশাল বই আর পান্ডুলিপির ভুবন ছাড়া। সমগ্র জীবনের সঞ্চয়ের বিনিময়ে যা গড়ে তুলেছেন। বোনার্ড সিদ্ধান্ত নিলেন এই লাইব্রেরীটাই পুরো বিক্রি করে যা পাবেন তা তুলে দেবেন জেন আর তার বরের হাতে। কারণ ততদিনে অকৃতদার বোনার্ড বুঝে গেছেন পিতৃস্নেহের কাছে তাঁর সমগ্র জীবনের অর্জন অতি তুচ্ছ। অসাধারণ এই বইটি আপনাদেরও ভাল লাগবে আশা করি।

নুট হামসুন ও ‘গ্রোথ অব দি সয়েল’ প্রসঙ্গে

পৃথিবীতে যে-ক’জন লেখক একেবারে মাটির কাছাকাছি, তাঁদের মধ্যে নুট হামসুন অন্যতম। নুট হামসুনের এই উপন্যাসটি মহাকাব্যের লক্ষণাক্রান্ত। পড়তে পড়তে অবশ হয়ে যেতে হয়। নরওয়ের বিস্তীর্ণ বনাঞ্চলের বর্ণনা পড়তে পড়তে প্রকৃতির ভেতর ডুবে যেতে হয়। এ-উপন্যাসের নায়ক আইজাক যেন আদম। এই বনাঞ্চলে সে-ই যেন প্রথম মানবসন্তান। এই অবারিত প্রকৃতির ভেতর সে গড়ে তুলতে চায় তার বাসস্থান। এই অনাবাদী জমিতে সত্যি সত্যি সে একটা ঘর বানায়। বাস করতে থাকে। ফসল হতে থাকে তার মাঠে। আর একদিন সে নিঃসঙ্গ হতে থাকে। তার ক্ষুধা এক নারীর । পথ দিয়ে যাবার সময় দু’-এক জনকে বলেছেও তার জন্য যেন একটা মেয়ে দেখে তারা। খুব সুখের জীবন তার। একদিন অপরাহ্ণে হাজির হয় এক আগন্তুক নারী। নাম তার ইঙ্গার। প্রথম দিকে বোঝা যায় না । পরে বোঝা যায় তার উপরের ঠোঁট চেরা। এ-কারণে তাকে অনেক মূল্য দিতে হয়েছে জীবনে। ঠোঁট চেরার কারণে তার বিয়ে হয়নি এতদিন। রাতে তাকে গ্রহণ করে আইজাক। এভাবে তারা বাধা পড়ে যৌথজীবনে। ইঙ্গার কর্মঠ নারী। তারা গড়ে তোলে খামার। গরু-ছাগল নিয়ে একটা ভরান্ত পরিবার। আবাদী জায়গাটার একটা নামও দিয়ে দেয় তারা : সেলেনারা। তাদের কোল জুড়ে আসে ইলিসিমা আর সিভার্ট। আইজাক আর ইঙ্গার এখন দুই পুত্রসন্তানের জনকজননী।
তৃতীয় সন্তান পেটে । ইঙ্গারের একটাই ভয় — তার উপরের ঠোঁট চেরা। এখন ছেলে-মেয়ে হলে যদি তারও ঠোঁট চেরা হয়? ইঙ্গার নিজের জীবন দিয়ে বুঝেছে অঙ্গহীন জীবনের দুঃখযন্ত্রণা। এজন্য তার বিয়ে হয়নি। কাউকে ভালোবাসার সাহস হয়নি তার — যদি তার প্রেমিক তাকে ঘৃণা করে? তৃতীয়বারের মতো তার একটা মেয়ে হয় এবং তার উপরের ঠোঁট চেরা। প্রতিবেশীরা এল দেখতে। কী লজ্জা! সকলে চলে যেতে ইঙ্গার একটা ভীষণ কাণ্ড করে বসল। সে যেমন সারা জীবন ধরে উপহাস আর যন্ত্রণা পেয়েছে, তার মেয়ে যেন তা না পায়। মেয়েটাকে গলা টিপে হত্যা করে বনের ধারে পুঁতে রেখে আসে। এক নিষ্পাপ শিশুর নির্জন কবর। ওদিকে আইজাক ব্যস্ত থাকে খুব কাজে-কর্মে। কিন্ত এক প্রতিবেশিনী কবর থেকে মেয়েটার লাশ নিয়ে সদরে ইঙ্গারের বিরুদ্ধে মামলা টুকে দেয়। এতে আট বছরের সাজা হয়ে যায় ইঙ্গারের।
এভাবেই এগোতে থাকে এ-উপন্যাসের কাহিনী। শেষে জেলে ইঙ্গারের আরেকটা মেয়ে হয়। তারও ঠোঁট চেরা। কিন্ত এবারে ডাক্তার অপারেশন করে তার ঠোঁট ঠিক করে দেয়। এরপর আইজাকের জমিতে তামার খনি পাওয়া যায়। আইজাক জমি বিক্রি করে দেয়। এতে তার প্রচুর লাভ হয়। শেষে ইলিসিমা শহরে চলে যায়। সে সেখান থেকে আমেরিকা পাড়ি জমায়। আর সেভার্ট বাবার মতো চাষবাস করে থেকে যায় গ্রামে। কী আশ্চর্য সুন্দর এই সেলেনারা! এখানে আকাশ আর মৃত্তিকা অবারিত। সেভার্ট ভালোবেসে ফেলে এই অঞ্চলকে। কেবল চাষবাসে নয়, নগর সভ্যতারও বিকাশ ঘটেছে এ-এলাকায়। তামার খনি আবিষ্কারের সাথে সাথে আধুনিক বিজ্ঞান যে-বলিষ্ঠ পদক্ষেপ রাখছে, তাকেও অস্বীকার করার উপায় নাই। সভ্যতা যতই এগিয়ে আসুক, মানুষকে তো তবুও নতুন আবাদ করতে হয়। সমস্ত উপন্যাসে একটা অদ্ভুত মহাকাব্যিক আবহ ধরে রাখে পাঠককে।
নুট হামসুন ১৮৫৯ সালে ৪ আগস্ট অত্যন্ত দরিদ্র এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। খুব কম বয়সে বাবা মারা যান। পরিবারে লেখাপড়ার তেমন কোনো চল ছিল না। হামসুন স্কুলশিক্ষাও তেমন কিছু পাননি। চাষ ছাড়াও আরেকটা কাজ তিনি শিখেছিলেন : জুতা তৈরি। যে-ওস্তাদের কাছে হামসুন কাজ শিখতেন, তাঁর কাছে অনেক বড় বড় লোক আসতেন। তাঁদের দেখে দেখে হামসুন অনেক বড় হবার স্বপ্ন দেখেন। তিনি বুঝলেন, বড় হতে হলে লেখাপড়া দরকার। হামসুন স্কুলের কিছু পাঠ্যসূচি জোগাড় করে পড়তে লাগলেন। হামসুন বুদ্ধিমান ও পরিশ্রমী ছিলেন। তিন বছরের কোর্স এক বছরে শেষ করলেন। একটা কেরানির চাকরিও জুটে যায়। পোষাল না, হলেন স্কুল মাস্টার। নিয়মিত পড়তে থাকেন। অবশ্য সাহিত্য। মাঝে মাঝে কবিতা লেখেন, পত্রিকায় পাঠান। দু’-একটা ছাপাও হয়। ইচ্ছে হল লেখক হবেন। ক্রিশ্চিনা শহরে এসে চেষ্টা করতে থাকেন। বহু কষ্টে জীবন ধারণ করেন। চলে গেলেন আমেরিকা। সেখানে বাগানের মজুর, মাছ ধরার জেলে, গমক্ষেতে, রাস্তা মেরামতের কুলি, কয়লা ভাঙার মজুর, ট্রামের কন্ট্রাকটরি ইত্যাদি কাজ করতে লাগলেন। কিন্ত সময় পেলেই বই খুলে বসেন। একদিন এমনি কাজের ফাঁকে গ্রিক নাটক পড়ছিলেন। কাজ ফাঁকি দেবার অভিযোগে চাকরি খতম।
আবার শুরু হল ক্ষুধার সাথে সংগ্রাম। অনাহার আর অর্ধাহার। একদিন না কি কুকুরের নাম করে কসাইয়ের কাছ থেকে একটা হাড় চেয়ে নেন। তাতে একটু মাংস লেগে আছে কি না। হাড়টা নিয়ে একটা গলিতে ঢুকে পড়েন। কামড় লাগান — উফ, কী বিচ্ছিরি গন্ধ! তাও সহি। এই হচ্ছেন নুট হামসুন। এই অভিজ্ঞতাকে কাজে লাগান তিনি, লেখেন তাঁর সবচাইতে বিখ্যাত উপন্যাস হাঙ্গার। এই বই লিখতে গিয়ে না খেয়ে হামসুন একেবারে শুকিয়ে কাঠি। জরাজীর্ণ পোশাক। হামসুন পান্ণ্ডুলিপিটা নিয়ে পলিটিক্যাল পত্রিকার নামজাদা সম্পাদক এডওয়ার্ড ব্রাওসের সঙ্গে দেখা করেন। অভিজাত ও ঐশ্বর্যের গর্বে গর্বিত এই লোক। হামসুনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকান। সরাসরি অবশ্য বিদায় করলেন না। পাণ্ডুলিপিটা দয়া করে রাখলেন। তারপরে পড়ে অবাক। হাঙ্গার প্রকাশিত হতে থাকল। মাটির কাছাকাছি থাকা কবির প্রথম জয়যাত্রা শুরু।
নুট হামসুন নোবেল পুরস্কার লাভ করেন ১৯২০ সালে। অনেক সমালোচকই তাঁর নাজি কানেকশন নিয়ে তাঁর উপর ক্ষ্যাপা, তবে সেটা আলাদা অধ্যায়। ১৯৫২ সালে এই মহান লেখক দেহত্যাগ করেন।

মারগুরিত দ্যুরাজ সর্ম্পকে প্রাসঙ্গিক

ফরাসি নিউ ওয়েভ চলচ্চিত্র গোষ্ঠীর অন্যতম মেধাবী চলচ্চিত্রকার আলা রেনের ‘হিরোশিমা মন আমুর’ মুভিটা দেখে জন্মানো আগ্রহ থেকে প্রথম জানতে পারি মারগুরিত দ্যুরাজ সর্ম্পকে। দ্যুরাজ ছবিটার লেখক ছিলেন। ছবিটার লেখক হিসেবে কানে ও বার্লিনে তিনি যথেষ্ট সম্মানও পেয়েছেন। পরে তিনি নিজেও বেশকটি ছবির পরিচালনা করেছেন। যদিও তাঁর পরিচালিত কোনো ছবি দেখার এখনব্দি সৌভাগ্য হয় নাই। L’Amant ( লাঁম বা প্রেমিক) তার আত্মজীবনী মুলক এই ফিকশনটার গোপনে গোপনে প্রতীক্ষায় ছিলাম বলা চলে। বইটির খোঁজ কারো কাছে পাই নাই। জানতামও না কলকাতার এবং মুশায়েরা থেকে বইটার অনুবাদ বেরিয়ে গেছে। যাইহোক নারায়ণ মুখোপাধ্যায়ের মুল ফরাসী থেকে অনুদিত এই ছোট বইটি শাহবাগে পেয়ে গেলাম। দ্যুরাজের  প্রতি দুর্দান্ত টানের কারণে বইটা কিনলেও পাতা উল্টিয়ে দেখা গেল প্রথম পৃষ্ঠাটা টানছেনা। যে বই প্রথমেই তার সঙ্গী করেনা তার কাছে ফিরে আসতে সময় লাগে। কেননা একসাথে বেশকটি বই পড়ার লিস্টে থাকে।
লামঁ-মারগুরিত দ্যুরাসের এই বইটি কেনার পর তিন তিনবার ব্যর্থ হয়ে ভেবেছি টাকাটা জলে গেল নাতো। বইটা এতো সুন্দর ছোট মনে হয় সব কাজকামের আগে এইটা শেষ করে নেই। কিন্তু তিন তিনবার ব্যর্থ হবার পর দেখা গেল ইতোমধ্যে বাকী বইগুলো খতম। পয়সা হাসিল করার মানসিকতা নিয়ে আবার পড়তে থাকি।
এবার  মারগুরিতের ভাষায় বলতে হয় এযে নিরাকার সমুদ্র।
সেটা ছিল ফরাসিদের উপনিবেশ বিস্তারের সময়কাল। ইন্দোচীন তথা বর্তমানের ভিয়েতনাম এ নভেলের পটভূমি। উপনিবেশ শেষ হয়ে যাবার পরও বিভিন্ন সমস্যায় আটকে থাকা একটি পরিবার। দায় দেনায় জর্জরিত। মাষ্টারনি গৃহকর্ত্রী যার স্বামী সদ্যগত। দুই ছেলে এক মেয়ে। বড় ছেলেটি মায়ের প্রশ্রয়ে নস্ট, যে নিজের ভাইবোনের কাছে সবসময় অত্যাচারী সম্রাট। আর পনের বছরের তুলতুলে মিষ্টি মেয়েটি যে কিনা বেরিয়ে পড়তে চাইল এই অসহ্য এক ঋতুর গ্রীষ্মের দেশ ছেড়ে অন্য কোথাও অথবা ফ্রান্সের দিকে। মা তাকে জিজ্ঞেস করে কি তুমি করতে পারো? আর সে বলে।
তাকে আমি বলেছিলাম যে লিখতে চাই। যা কিছু চাই তার মধ্যে সব চাইতে বেশী চাই লেখক হতে আর কিছু হতে চাইনা।
তার সহ্য হলোনা। একনজর থাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। কাধের একটা ছোট্ট ঝাঁকুনি। ভোলা যায়না। আমিই প্রথমে চলে গেলাম। আমাকে খোয়াবার আগে আমার মাকে আরও বছর খানেক অপেক্ষা করতে হয়েছিল। আমাকে খোয়াবার জন্য এই বাচ্চাটাকে হারাবার আগে। ছেলেদের জন্য তার ভয় ছিল না। কিন্তু এটা সে জানত চলে যাবে, এ বেরিয়ে যেতে পারবে। ক্লাসে ফরাসিতে ফার্স্ট। মাস্টার মশাই মাকে বলেছিলেন-ক্লাসে আপনার মেয়ে ফরাসিতে সবচাইতে সেরা। আমার মা কিছু বলল না। কিছু না। মোটেই খুশি নয় সে কারন তার তার ছেলেরা ফরাসিতে প্রথম হয়না। নোংরা আর মিষ্টি মা আমার জিজ্ঞাসা করল, আর অংকে? উত্তর হল- এখনও নয় তবে হবে। মা জিজ্ঞাসা করল: কবে হবে?
উত্তর হল- ও যখন চাইবে।
কিন্তু না সে অংকে সেরা হতে চায়নি। সে চেয়েছিল লিখতে, লেখক হতে। মা বলেছিল লেখাটা কোনো কাজই না। আর সে বেরিয়ে পড়েছিল বাড়ী থেকে। এরপর মেকং নদী পার হবার বজরায় এক চিনের সাথে তার পরিচয় যে কিনা কিছু দিন আগে ফ্রান্স থেকে ফিরেছে। বজরা ডাঙ্গায় ভিড়লে সে বলেছিল আমার লিমুজিনে যাবে তোমাকে পৌঁছে দেব। মেয়েটি তাকে অনুসরণ করলো। এরপর তার সাথে জড়িয়ে পড়ে মেয়েটি। এরপর ক্রমে সে আসক্ত হয়ে পড়ে মাদকে আর সমকামিতায়। মোট কথা সমস্ত প্রথা ভেঙ্গে সে ক্রমে ব্যক্তি হয়ে ওঠে। মোট কথা ৬০ পৃষ্ঠার ছোট এ উপন্যাসটা উপন্যাসেরও সমস্ত ফর্ম ভাঙ্গার উপন্যাস হয়ে ওঠে। কিন্তু অদ্ভুত আন্তরিক আত্মা ও রক্ত দিয়ে লেখা। চৈতন্যকে এক জায়গায় ফিরিয়ে নিয়ে আসে।
ফরাসী লামঁ শব্দের অর্থ প্রেমিক। মারগুরিত জন্মেছিলেন ইন্দোচীনে ১৯১৪ সালে। মৃত্যু ১৯৯৬ সালে। এ বইটি প্রকাশিত হয়েছিল ১৯৮৪ সালে। এ উপন্যাস শুধু যে ফরাসি বিখ্যাত পুরস্কার গঁক্যুর বাগিয়ে নিল তা নয়। দ্যুরাসকে দিয়েছে ৩ মিলিয়ন বিক্রিত বইয়ের লেখিকার সম্মান। পৃথিবীর অন্তত ৪০ টি ভাষায় অনুদিত। জাঁ জাক আনো এটি চলচ্চিত্র রূপ দেন। বলা যায় এটি নিয়ে শুরু হয় ফরাসি সাহিত্যের NOUVEAU ROMAN বা নব-উপন্যাস আন্দোলন। পুরা উপন্যাসটায় কোনো ধারাবাহিকতা নাই। কিন্তু কেমন যেন গুছানো। বিচ্ছিন্ন হয়ে যাবার বহু বহু দিন পর চিনে লোকটি তার নববধূ সহ পারিতে এলে একদিন ফোন করে মেয়েটিকে বলে: আমি শুধু তোমার কন্ঠস্বর শুনতে চেয়েছিলাম। যদিও তাদের প্রেমটায় দেহ ছাড়া অন্য কিছু ছিলনা। অনেক পরে তারা বুঝতে পারে সে আসলে তারা পরস্পরের প্রেমে পড়েছিল। সার্ত্র আর মালার্মে সহ তৎকালীন পারির লেখকরা ওঠে আসে বিভিন্ন অধ্যায়ে।